চালকদের ফেস মাস্ক দিচ্ছে উবার

১১ এপ্রিল, ২০২০ ২২:৪৯  
বিশ্বব্যাপী উবারের সকল সক্রিয় চালক এবং খাবার ডেলিভারি কাজে নিয়োজিতদের করোনাভাইরাস থেকে নিরাপদ থাকতে ফেস মাস্ক দিচ্ছে উবার। শিগগিরই যেসব দেশে উবারের সেবা চালু রয়েছে সেখানে এই মাস্ক পৌঁছানোর পরিকল্পনা করেছে রাইড শেয়ারিং কোম্পানিটি। খবর রয়টার্স। উবারের সেফটি অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট গাস ফাল্ডনার কোম্পানির এক ব্লগ পোস্টে জানান, শুধুমাত্র যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত এলাকার জন্যই প্রায় ৫ লাখ ফেস মাস্ক সরবরাহ করা হবে। চীনের একটি ইলেক্ট্রনিক্স এবং ইয়ার-লুপ মাস্ক তৈরিকারক প্রতিষ্ঠান থেকে এই মাস্ক তৈরি করা হচ্ছে। তবে এর বাইরেও দীর্ঘস্থায়ী পরিকল্পনায় বিশ্বের সকল স্থান থেকে মাস্ক কিনে সেগুলোতে বিতরণের পরিকল্পনা রয়েছে উবারের। প্রাথমিকভাবে এক কোটি মাস্কের কার্যাদেশ দিয়েছে উবার। ইতিমধ্যেই নিউ ইয়র্কে প্রথম কার্যাদেশের মাস্ক সরবরাহ করা হয়েছে। চলতি সপ্তাহেই বিশ্বের বিভিন্ন স্থানে সরবরাহ হবে মাস্কগুলো। ডিবিটেক/বিএমটি